
রাজশাহীর চারঘাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর ২০২৬ইং তারিখ) সকাল সাড়ে ১১টায় চারঘাট উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর আহমেদ, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল।
এ ছাড়া অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মো. মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।
আলোচনা সভায় যুবসমাজের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় একজন উপকারভোগী যুবকের হাতে ১ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এ জন্য যুবকদের প্রশিক্ষণ গ্রহণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।





