
আজ ১৫ নভেম্বর ২০২৬, রোববার সকাল আনুমানিক ১১টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
তবে আজকের অভিযানে তাৎক্ষণিক জরিমানার চেয়ে ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মেনে চলতে উদ্বুদ্ধ করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
অভিযানকালে বাজারের ব্যবসায়ীদের কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ ট্রেড লাইসেন্স দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন করা এবং ফুটপাত দখল না করে ব্যবসা পরিচালনা করা।
এ ছাড়া দৌলতপুর বাজারের গোলচত্বর ও আশপাশের সড়ক এবং গলিপথ যানজটমুক্ত রাখতে অটোরিকশা, সিএনজি, হ্যালোবাইক ও মোটরসাইকেল যত্রতত্র পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দেখেন এবং বাজারে থাকা সরকারি অব্যবহৃত টিনশেডও পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল ও বিভিন্ন সামগ্রী না রাখা, সড়কের দুই পাশে মালামাল ঝুলিয়ে রাস্তা সংকুচিত না করা এবং রাস্তার পাশে ভাড়ায় চালিত মোটরসাইকেল দাঁড় করিয়ে না রাখার বিষয়ে সতর্ক করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে সবাইকে সচেতন ও নিয়ম মেনে চলতে উৎসাহিত করা হচ্ছে। তবে এসব নির্দেশনা অমান্য করলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক মো. আরফান প্রধান এবং সমন্বয়ক ও সাংবাদিক রবিউল আলম।
বাজারের যানজট ও জনদুর্ভোগ কমাতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, পরিবহনচালক, পথচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই দৌলতপুর বাজারকে একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ ও যানজটমুক্ত বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।





