মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরার ইছাখাদা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা ও বিক্রির ভাউচার যথাযথভাবে না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার ও হাজরাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইছাখাদা বাজারের মেসার্স আকবর এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানে অনিয়মের সত্যতা পাওয়া যায়। সেখানে সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকার গ্যাস সিলিন্ডার ২ হাজার ২০০ টাকা পর্যন্ত পাইকারি দামে বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আলী আকবরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে গ্যাস, সার, কীটনাশক, বীজ, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
অভিযানে একটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন