
গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু বক্কর ছিদ্দিক (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ব্রেইন স্ট্রোকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বক্কার গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওলিমদ্দিন সরদার পাড়ার মৃত ওলিমদ্দিন সরদারের ছেলে। ৬ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।
আবু বক্কারের মৃত্যুতে মরহুমের পরিবারের সদস্য এবং দলের শোকসন্তপ্ত নেতাকর্মীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এছাড়া শোক, সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেছেন গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাঈম আনসারি, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নোমান প্রমূখ।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেলে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন চিকিৎসার পরও অবস্থার আরও অবনতি হলে বুধবার সকালে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ভাই ৪ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, দলীয় সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।




