পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (সাবেক) কাউছার হামিদ সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কর অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি খাল পুনঃখননের কাজ সম্পন্ন করার পর ২৫ লাখ ৩ হাজার ১৯৭ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, মিঠাগঞ্জ ইউনিয়নের স্বনির্ভর খালের স্লুইস থেকে দক্ষিণে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার ৪৫০ মিটার খাল পুনঃখনন করা হয়েছে গত ৩০ এপ্রিল। এ কাজ শুরু হয়ে ২৫ জুন শেষ হয়।
প্রকল্পটির জন্য মোট বরাদ্দ ছিল ১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৪৭৬ টাকা। এর মধ্যে সর্দারসহ ৩২১ জন শ্রমিকের মজুরি বাবদ ব্যয় হয়েছে ৪৪ লাখ ৭ হাজার টাকা। নন-ওয়েজ খাতে ব্যয় হয়েছে ৬৯ লাখ ৯৮ হাজার ২৭৯ টাকা এবং প্রশাসনিক ব্যয় হয়েছে ৬০ হাজার টাকা। এসব খাতে মোট ব্যয় হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।এছাড়া খাল পুনঃখনন প্রকল্পের আওতায় ১ হাজার ৬০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯ লাখ ২৮ হাজার টাকা। প্রকল্পটিতে মোট ৪১ হাজার ৫৬০ ঘনফুট (সিএফটি) মাটি খনন করা হয়।
খাল পুনঃখনন কাজে মোট ৩২১ জন উপকারভোগী শ্রমিক অংশ নেন। তাদের মধ্যে ২৩৮ জন পুরুষ ও ৮৩ জন নারী।
সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পন্ন করার পর প্রকল্পের অবশিষ্ট অর্থ ২৫ লাখ ৩ হাজার ১৯৭ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।


