যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন।
শুক্রবার অনলাইনে প্রকাশিত বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, বাবার ক্যান্সার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এতে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এবং প্রচণ্ড ব্যথা অনুভব করছেন।
বাইডেনের এক মুখপাত্র শনিবার হান্টার বাইডেনের ওই মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান।
২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে বাইডেন জানিয়েছিলেন, তাঁর শরীরে আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে। তখন জানানো হয়েছিল, ক্যান্সারটি তাঁর হাড়েও ছড়িয়ে পড়েছে।
পরে অক্টোবরে বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছিলেন, তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপির চিকিৎসা নিচ্ছেন।
২০২০ সালের নির্বাচনে জয়ী হয়ে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি হন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাঁর প্রেসিডেন্ট থাকাকালে শারীরিক স্বাস্থ্য ও মানসিক সজাগতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।
গত জুনে শিকাগোতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
আগামী ১৭ নভেম্বর বাইডেনের প্রেসিডেন্ট-জীবনের স্মৃতিচারণমূলক বই প্রকাশের কথা রয়েছে।




