বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় পার্বতীপুর উপজেলা ফারিয়ার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সারাদেশে একযোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলদীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল গেটের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন সময় অবহেলা, অনিরাপত্তা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তাই তাদের ন্যায্য অধিকার, সম্মান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
এসময় বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা ফারিয়ার সভাপতি রিপন কুমার দাস, সাধারণ সম্পাদক হাসিম রেজা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ লোকমান হাকিম, দপ্তর সম্পাদক চন্দ্র রায়, উপদেষ্টা এ এইচ মিলন, আলতাব হোসেনসহ আরও অনেকে।
বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে হয়রানি ও অনিরাপদ পরিস্থিতির অবসান, সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যৌক্তিক দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন