মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে সিংড়ার দুলাল হোসেন

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচড়া গ্রামের বাসিন্দা মো. দুলাল হোসেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইসলামের অন্যতম ফরজ ইবাদত হজ পালনের দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি এই দীর্ঘ ও ব্যতিক্রমী যাত্রায় রওনা দেন।
দুলাল হোসেনের এমন সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। যাত্রার শুরুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান এবং নিরাপদ সফর ও হজ পালন কবুল হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
পায়ে হেঁটে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছাতে তাকে একাধিক দেশ অতিক্রম করতে হবে। দীর্ঘ, কষ্টসাধ্য ও চ্যালেঞ্জপূর্ণ এ যাত্রায় প্রয়োজন হবে ধৈর্য, শারীরিক সক্ষমতা এবং যথাযথ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা।
এলাকাবাসী জানান, দুলাল হোসেনের এই মহৎ উদ্যোগ সবার জন্য অনুপ্রেরণার। তারা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, যেন তিনি দুলাল হোসেনের সফর সহজ, নিরাপদ ও সফল করেন এবং তাঁর পবিত্র হজ কবুল করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বৃষ্টিতে ডুবে যায় ময়মনসিংহ সদর উপজেলা সমবায় অফিসারের কার্যালয়। চরম দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

ময়মনসিংহ সদর উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে