স্ত্রীকে ১০ লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য চাপ ও হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় ৪৩তম বিসিএস ক্যাডার মো. মাকসুদুল হাসানকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক।
পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে, রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরীর শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে অভিযান চালিয়ে তার বাসা থেকেই তাকে আটক করা হয়।
মামলার নথি থেকে জানা গেছে, এক তরুণীর সঙ্গে মাকসুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীর কাছে ১০ লাখ টাকা যৌতুক চাওয়া হয় বলে অভিযোগ করেন মামলার বাদী। সেই টাকা দিতে না পারায় তাকে মানসিক চাপের পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে এ অভিযোগে মাকসুদুল হাসানের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। মামলাটি করা হয়েছে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায়।
এদিকে মাকসুদুল হাসানকে ঘিরে এর আগে আরেকটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। জুলাইয়ের প্রথমদিকে বরগুনার বেতাগীর মোকামিয়া এলাকার এক তরুণীর সঙ্গে তার কথিত পরকীয়া সম্পর্কের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে জানা গেছে, ওই তরুণী মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়টি এবং বর্তমানে দায়ের করা যৌতুকের মামলাকে পৃথক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে শুলকবহরের কালা মুন্সি লেইনের বাসা থেকে মাকসুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।




