
রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলমকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। খিলক্ষেত বাজারসহ আশপাশের এলাকায় অটোরিকশার গ্যারেজ থেকে চাঁদা আদায়ের অভিযোগ। রোববার (৪ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে শাহিনুর আলমকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হলে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা গেছে, শাহিনুর আলমের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তিনি চাঁদাবাজির একটি তালিকায় ছিলেন বলেও জানিয়েছে সূত্র। অতীতে তিনি স্থানীয় কাউন্সিলর নির্বাচনেও অংশ নিয়েছিলেন। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি।
অভিযোগ রয়েছে, শাহিনুর আলম ও তার সহযোগীরা খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনা ও আশপাশের এলাকার অটোরিকশার গ্যারেজগুলো থেকে চাঁদা আদায় করতেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে এসআরবি শাহিনুর আলমকে আটক করে দুপুরে থানায় হস্তান্তর করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।





