
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম নিয়ে চলমান পরিবর্তনের মধ্যে এবার প্রধান ফটকে আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলটির প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে নতুন করে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখার কাজ শুরু করে হল প্রশাসন।
হল প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার নাম নিয়ে বিভ্রান্তি দূর করার দাবি আসছিল। এর পরিপ্রেক্ষিতেই প্রধান ফটকে আগের নাম পুনঃস্থাপনের কাজ শুরু করা হয়।
হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে। এ বিষয়ে লিখিত কোনো আবেদন তাদের কাছে নেই বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, হলের নাম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। শিক্ষার্থীদের সার্টিফিকেটে এক নাম থাকলেও হলটি অন্য নামে পরিচিত হওয়ায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। তাই আপাতত প্রধান ফটকে ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি রাখা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে হলটির প্রধান ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নাম সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়েছিল। পরবর্তী সময়ে নাম পরিবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও প্রক্রিয়া শুরু হয়।
চলতি বছরের ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়েছিল। একই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করার সুপারিশও করা হয়।
তবে ২৯ জুন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে ডাকসুর পাঁচ সিনেট সদস্য অধিবেশন থেকে ওয়াকআউট করেন। পরে বিষয়টি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর মধ্যেই বুধবার হলটির প্রধান ফটকে আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম বসানোর কাজ শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।




