তারাগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের আঘাতে একজন আইসিইউতে

৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ; দেশীয় অস্ত্রের আঘাতে কয়েকজন আহত, থানায় অভিযোগ

রংপুরের তারাগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারধর, হুমকি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রজব আলী ও তার পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকার ৩০ শতক জমি নিয়ে রজব আলীর সঙ্গে মৃত আজিজুল হকের ছেলে মো. বাহাদুর ও মো. রবিউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়রা আরো জানান ক্রয়সূত্রে প্রায় ৩০ বছর ধরে রজব আলী ওই জমি ভোগদখল করে আসছেন।

অভিযোগ রয়েছে, শুক্রবার বিকেলে বাহাদুর, রবিউলসহ কয়েকজন ওই জমিতে প্রবেশ করে বাঁশ ও নেটের জাল দিয়ে ঘের দেওয়ার মাধ্যমে জমি দখলের চেষ্টা করেন। এ সময় রজব আলী, তার স্ত্রী লুৎফন নেছা, ছেলে তুহিন ও সামিম, ছেলের স্ত্রী মাছুমা বেগম এবং ভাইয়ের ছেলে আজিমুল বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় রজব আলী ও তার পরিবারের কয়েকজন সদস্য গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েক জনের  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবারের ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, ঘটনার বিষয়ে রজব আলীর ছেলে তুহিন তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাহাদুর ও রবিউল পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন