
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি অনুদান স্বচ্ছতার সঙ্গে বণ্টনের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজ সংসদীয় আসনের বিভিন্ন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।
মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় আগাম প্রস্তুতি নেওয়া এবং সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
সরকারি বরাদ্দের বিষয়ে প্রতিমন্ত্রী নির্দেশনা দেন, পূজা উপলক্ষে বরাদ্দ করা অনুদান ও সহায়তা স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করতে হবে। প্রকৃত প্রাপকদের কাছে সরকারি সহায়তা পৌঁছানো নিশ্চিত করার পাশাপাশি বরাদ্দে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।




