
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে শনিবার (২১ নভেম্বর) দুপুরে তাঁদের কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুলিয়ারচর উপজেলার চর কামালপুর গ্রামের নুরুল আমিন বাবুলের ছেলে সুজন মিয়া (২৮) এবং উত্তর সালুয়া গ্রামের নাজমুল হোসেন কাজলের ছেলে মো. রোহান মিয়া ওরফে নিরব (২৫)। মামলার এজাহারে তাঁদের নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। পরে সংশ্লিষ্ট বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট কুলিয়ারচরে সংঘটিত ঘটনার পর কুলিয়ারচর থানায় বিস্ফোরক আইনে ১৫ নম্বর মামলাটি দায়ের করা হয়। এ মামলায় এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।





