পৃথক অভিযানে ডাকাত ও জুয়ারীসহ গ্রেফতার ৭

ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারজন ডাকাত দলের সদস্য ও তিনজন জুয়ারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ওয়াসিম ওরফে শুটার ওয়াসিম (৩৬), নাসির (২২), গোলাম রব্বানী (৩০) ও বাবু (৩৫)।

এসময় তাদের হেফাজত থেকে একটি লোহার ধারালো চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, একটি ধারালো স্টিলের চাকু ও একটি লোহার কাটার উদ্ধার করা হয়।

অপরদিকে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভার থানাধীন কাতলাপুর এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়ারীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারা হলেন—সিপন মিয়া (২৫), সানাউল্লাহ (২৫) ও মোহাম্মদ আলী (৪০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস, নগদ ৫ হাজার ৩০০ টাকা এবং একটি বিছানার চাদর উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়াসিম ওরফে শুটার ওয়াসিমের বিরুদ্ধে পাঁচটি এবং গোলাম রব্বানীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন