হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম, ০৩ আগস্ট ২০২৬ঃ চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ রায়হানের অন্যতম চার সহযোগীকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।
তিনি বলেন পুলিশের পৃথক অভিযানে, চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার চাঞ্চল্যকর আজম হত্যা মামলার প্রধান আসামি দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
হাটহাজারীর দর্জি আজম হত্যা মামলার প্রধান আসামি দিদারুল আলমকে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাসুদকে প্রকাশ্যে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দিদার ও আফসারকে শনাক্তের পর গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।




