মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার ভয়াবহ সংঘর্ষ, ৪ জনের প্রাণ গেল

মুন্সিগঞ্জের গজারিয়ায় আজ শনিবার দুপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। চালক সোহেল ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিউ বলেশ্বর নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। পথে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, জামালদি বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। তাকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যালেক্স ও সায়রা-জহির ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১২০০+ রোগীকে সেবা প্রদান

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরন্দীপ ইউনিয়নে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যালেক্স-এর